রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতলা এবং ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল মাছ। মাছ তিনটি স্থানীয় আড়তে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকায় নিলামে বিক্রির পর ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে বিক্রি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকায়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মন্টু হালদার ও মিঠু হালদারের জালে মাছ তিনটি ধরা পড়ে। পরে সেগুলো দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আড়তে নেওয়া হলে বড় আকৃতির মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ২৪ কেজি ৯০০ গ্রাম ওজনের কাতলাটি প্রতি কেজি ২ হাজার ৩৫০ টাকা দরে ৫৮ হাজার ৫১৫ টাকায় কেনেন। ১৩ কেজি ৮০০ গ্রাম ওজনের দুটি চিতল কেনেন প্রতি কেজি ৩ হাজার ৯০০ টাকা দরে ৫৩ হাজার ৮২০ টাকায়। তিনটি মাছের মোট দাম পড়ে ১ লাখ ১২ হাজার ৩৩৫ টাকা।
পরে অনলাইন প্ল্যাটফর্ম, ভিডিও কল ও মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার বনানীর এক ব্যবসায়ীর কাছে মাছগুলো বিক্রি করেন সম্রাট। এ সময় কাতলাটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে ৫৯ হাজার ৭৬০ টাকায় এবং চিতল দুটি প্রতি কেজি ৪ হাজার টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। এতে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা।
সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় মাছের চাহিদা বেশি। অনলাইনে যোগাযোগের কারণে এখন সহজেই এক এলাকার মাছ অন্য এলাকার ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পাচ্ছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, স্বাদ ও গুণগত মানের কারণে পদ্মার মাছ দেশজুড়ে পরিচিত। বড় আকৃতির কাতলা, চিতল, বোয়াল ও পাঙাশ ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণীয়। ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের উদ্যোগে অন্যান্য প্রজাতির মাছও বড় হওয়ার সুযোগ পাচ্ছে। এসব নিয়ম মেনে চললে নদীতে মাছের উৎপাদন বাড়বে এবং জেলে ও মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








