২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্ত নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন সাবেক অস্ট্রেলীয় পেনার ডেভিড ওয়ার্নার। তার অভিযোগ, ওই ঘটনায় তদন্তের নামে দায়ীদের আগেই নির্ধারণ করে একটি অসম্পূর্ণ তদন্ত পরিচালনা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। পুরো বিষয়টিতে ধামাচাপা দেওয়ার গন্ধ পাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়ার্নার দাবি করেন, ২০১৮ সালের তদন্তের সময় অস্ট্রেলিয়ার তিন বোলার জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।
ওয়ার্নার লেখেন, ‘‘আমার জানা মতে, ২০১৮ সালের তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক কিংবা নাথান লায়নের সঙ্গে কথা বলেনি। যদি সেটাই সত্যি হয়, তাহলে বোলাররা কিছুই জানতেন না—এমন দাবি ক্রিকেট অস্ট্রেলিয়া কীভাবে করতে পারে?’’
তিনি আরও বলেন, ‘‘মনে হচ্ছে, শুরুতেই তারা ঠিক করে নিয়েছিল কাদের দায়ী করা হবে। সেই উদ্দেশ্য পূরণে দায়সারা তদন্ত চালানো হয়েছে। এখনো তারা এই বয়ান ধরে রাখতে চায় যে বোলাররা কিছুই জানতেন না। পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টার মতো মনে হচ্ছে।’’
সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর আট বছর আগের সেই বিতর্ক আবারও সামনে এসেছে। বইটিতে খাজা দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। তাঁর মতে, এ ঘটনায় শুধু তিনজন ক্রিকেটারের ওপর দায় চাপানো ঠিক হয়নি।
খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ওয়ার্নার। তবে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স তাঁর দাবি প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, পুরো দলের বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানার অভিযোগ সম্পূর্ণ ভুল।
ওই ঘটনায় অস্ট্রেলিয়ার হয়ে নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, বলের অবস্থা কৃত্রিমভাবে পরিবর্তনের পরিকল্পনায় ওয়ার্নারের ভূমিকা ছিল, ব্যানক্রফট মাঠে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন এবং স্মিথ পরিকল্পনা সম্পর্কে জানতেন, কিন্তু তা ঠেকাতে উদ্যোগ নেননি।
এ ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
অন্যদিকে, কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড ও লায়ন ২০২১ সালে যৌথ বিবৃতিতে বলেছিলেন, মাঠে বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না। সম্প্রতি স্টার্কও নিজের আগের বক্তব্যে অটল থাকার কথা জানিয়েছেন।
ওয়ার্নারের নতুন অভিযোগের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রাথমিক তদন্তের সময় সব খেলোয়াড়কেই নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। গত আট বছরেও নতুন কোনো তথ্য থাকলে তা জানানোর সুযোগ ছিল। সংস্থাটি আরও জানিয়েছে, প্রত্যেক সাবেক ও বর্তমান খেলোয়াড়ের নিজস্ব বক্তব্য তুলে ধরার অধিকারকে তারা সম্মান করে।
তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ আগেই জানিয়েছেন, নতুন করে তদন্ত শুরুর কোনো পরিকল্পনা নেই।
ফলে প্রায় আট বছর আগের সেই বল টেম্পারিং কাণ্ড নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের পরস্পরবিরোধী বক্তব্যে ঘটনাটির প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








