শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও অবদানকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান" শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সালাম-বরকত হল সংসদের ভিপি মো. মারুফ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সাহিদ তালুকদার, মো. আব্দুল মোত্তালিব (সুইট), মো. সাইদুল ইসলাম মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মো. আপেল মাহমুদ, দ্বিতীয় স্থান অর্জন করেন নয়ন ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. সৌরভ।
এ সময় হল সংসদের ভিপি মো. মারুফ হোসেন বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান" শীর্ষক কুইজ প্রতিযোগিতায় শহীদ সালাম-বরকত হল সংসদের পক্ষ থেকে উপস্থিত থাকতে পেরে আনন্দিত। এমন আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নতুন প্রজন্মকে শহীদ জিয়ার ইতিহাস, নেতৃত্ব ও দেশপ্রেম সম্পর্কে জানার সুযোগ করে দেয়। ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত থাকুক এবং এ ধরনের আয়োজনে হল সংসদের সর্বাত্মক সহযোগিতা থাকবে সবসময়।’’
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. সাহিদ তালুকদার বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, রাষ্ট্রগঠন ও জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার নেতৃত্ব, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজও মানুষকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, আদর্শ ও রাষ্ট্রগঠনে অবদান তুলে ধরতে এ ধরনের কুইজ প্রতিযোগিতা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। ইতিহাসচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। আমি বিশ্বাস করি, এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের ইতিহাস জানার আগ্রহ আরও বাড়াবে এবং ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হবে।’’
শহীদ সালাম বরকত হল ছাত্রদল কর্মী মো. আব্দুল মোত্তালিব (সুইট) বলেন, ‘‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,একজন মানুষের জীবনী শুধু তার ব্যক্তিগত গল্প নয়; এটি একটি জাতির ইতিহাস, সংগ্রাম, নেতৃত্ব এবং মূল্যবোধের প্রতিফলন।
আমাদের নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানতে, পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মতো গুণাবলি অর্জনে উৎসাহিত করে।’’
প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে কুইজ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। পরে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









