ফরিদপুরের ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা বাহাউদ্দিন শেখকে (৩৪) অপহরণের পর মারপিট করে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সোমবার (২ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সোনাখোলা নামক স্থানে ওই ব্যাংক কর্মকর্তাকে ফেলে রেখে যায়। আহত অবস্থায় বাহাউদ্দিন শেখকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাহাউদ্দিন শেখ ভাঙ্গা পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহাল্লার বাসিন্দা। তিনি মিডল্যান্ড ব্যাংকের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর শাখার কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাহাউদ্দিন শেখ জানান, আজ সোমবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে তিনি কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাদা রঙের একটি প্রাইভেট কার এসে তার সামনে দাঁড়ায়। প্রাইভেটকার চালক তাকে যাত্রী হিসেবে ঢাকা যাওয়ার আহ্বান জানায়। এছাড়া গাড়িতে আরও তিনজন নিজেদেরকে যাত্রী হিসেবে পরিচয় দেয়।
তিনি প্রাইভেটকারে উঠার দেড় দুই মিনিট পরেই তাকে মুখ বেঁধে মারপিট শুরু করে প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তি। এ সময় তারা বাহাউদ্দিন শেখকে নিজের প্রয়োজনের কথা বলে পরিবারের কাছ থেকে বিকাশে টাকা নেওয়ার কথা বলে ও মারপিট করে। হাতুড়ি দিয়ে তাকে পেটানো হয়। প্রাইভেটকারটি প্রথমে ঢাকামুখী রোডে কিছুদূর গিয়ে পুনরায় ভাঙ্গা হয়ে ফরিদপুরের দিকে যায়।
গ্রামের কাঁচা সড়ক দিয়ে প্রাইভেটকারটি কিছুক্ষণ চলে। তার পরিবারের কাছ থেকে এক লাখ টাকা দুর্বৃত্তদের দেওয়া বিকাশ নম্বরে পাঠানোর পরেই তাকে অনেকটা অসচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা বাহাউদ্দিন শেখের মোবাইল সিম নিয়ে যায়।
বাহাউদ্দিন শেখের চাচাতো ভাই সোহাগ শেখ বলেন, ‘‘বাহাউদ্দিন শেখকে জিম্মি করে আপনজনদের কাছে ফোন করা হয়। আমরা এক ১ লাখ টাকা বিকাশ করে দেই।’’
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা মো. আখতারুজ্জামান বলেন, ‘‘বাহাউদ্দিন শেখের বুকে, হাতে ও পায়ে পেটানোর একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে।’’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘‘এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে। সত্যতা পেলে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









