ফরিদপুরের ভাঙ্গায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ভাঙা পৌরসভার হাজাহাটি এলাকার দুলাল কবিরাজের ছেলে এজাজুল কবিরাজ (২০) ও জিয়াখুলি গ্রামের শাহাদত সরকারের ছেলে স্বাধীন সরকার (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোল চত্বর এলাকায় ঘুরতে এসে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহীরা সড়কের উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিনিয়া আক্তার জানান, আজ সন্ধ্যায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ইজাজুল কাজী ও স্বাধীন সরদারকে মৃত ঘোষণা করা হয়। অপরদিকে রাজন (২১) এবং ইয়ামিন (২৮) নামের গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ভাঙ্গা ইন্টার সেকশন মোড়ের খুলনামুখী সড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









