অবশেষে অপেক্ষার অবসান। মান্নত’র ছাদ থেকে আইকনিক স্টাইলে ভক্তদের দেখা দিলেন শাহরুখ খান।
২ নভেম্বর ৬১ বছর পূর্ণ করলেন বলিউডের বাদশা। তাই রবিবার রাত বারোটা বাজার আগে থেকেই ভিড় জমেছিল মান্নতের সামনে। তারকাকে এক ঝলক দেখার অপেক্ষা করে ছিলেন ভক্তরা। কিন্তু রাতে তিনি আসেননি।
সোমবার সন্ধ্যা গড়াতেই অনুরাগীদের সাধ মেটালেন তিনি। চেনা আইকনিক স্টাইলে দু’হাত শূন্যে মেলে দিয়ে মুগ্ধ করলেন আরও একবার।
সাদা রঙের টিশার্ট, ঢিলেঢালা ডেনিম প্যান্ট, চোখে চশমা এই ভাবে আসেন শাহরুখ। বাদশাকে তার জন্মদিনে দেখতে পেয়ে অপেক্ষারত দর্শক হইহই করে ওঠেন। উচ্ছ্বাসের শব্দ ছড়িয়ে পড়ে দিকে দিকে।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে ভক্তদের সঙ্গে দেখা করেননি তিনি। ২০২৪ সালেও নিরাপত্তার কথা মাথায় রেখে ভক্তদের সঙ্গে দেখা করা থেকে বিরত ছিলেন শাহরুখ। কিন্তু অবশেষে দু’বছরের অপেক্ষার পরে তিনি প্রকাশ্যে এলেন।
বর্তমানে সমুদ্রের ধারে অবস্থিত তার বাড়ি মান্নত এ সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। জানা যাচ্ছে, সংস্কারের কারণে তিনি আপাতত সেখানে থাকছেন না। সেই কারণেই শাহরুখ এবার অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি বলে শোনা যাচ্ছিল। গত বছরেও একই কারণেই নাকি মধ্যরাতে দেখা করেননি। তবে এ বার নিয়ম ভাঙলেন তিনি। মধ্যরাতে না হলেও, জন্মদিনের সন্ধ্যায় দেখা দিলেন শাহরুখ।
রবিবার রাতে ‘মান্নত’র বাইরে একটি বিশাল পর্দায় অনুরাগীদের জন্য তার লেখা বিশেষ বার্তা প্রদর্শিত হয়। যারা বাড়ির বাইরে এসেছিলেন, তারা সকলেই সেই বার্তা দেখতে পান।
এ ছাড়াও বাড়ির বাইরে শাহরুখের আগামী ছবি ‘কিং’র পোস্টারও দেখা গিয়েছে। নিজের বার্তায় শাহরুখ লিখেছেন, “আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য আমার ভালোবাসা পাঠালাম। অনেক ভালোবাসা এবং একরাশ আলিঙ্গন।”
বার্তার শেষে ছিল তার স্বাক্ষর। প্রিয় তারকার কাছ থেকে জন্মদিনে এমন বিশেষ বার্তা পেয়ে খুশি হন অনুরাগীরা।
অনেকেই মনে করেছিলেন, এবারও নিরাপত্তার কথা ভেবে আড়ালেই থাকবেন শাহরুখ। কিছুদিন আগেই টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় ত্রস্ত ছিল বলিউড। তার পরে হুমকি আসে অমিতাভ বচ্চনের বাড়ি জলসা উড়িয়ে দেওয়ার।
এই অবস্থায় বলিউডের বহু তারকাই নিজেদের নিরাপত্তা জোরদার করেছেন। কিন্তু নিরপত্তার বিষয় না ভেবেই প্রকাশ্যে এলেন শাহরুখ।
২০২৪ সালেও বাবা সিদ্দীকীর মৃত্যুতে আতঙ্কে ছিল বলিউড। সেই বছর তাই ভক্তদের সঙ্গে দেখা করেননি শাহরুখ। তবে এবার নিরাপত্তা নিয়ে আর চিন্তা না করেই ভক্তদের প্রত্যাশা পূর্ণ করলেন তিনি।
শেষ ২০২৩ সালে মান্নত থেকে ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ। সেই বছর মুক্তি পেয়েছিল তার তিনটি ছবি ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডাংকি’।
পাশাপাশি রাত বারোটায় নিজের আসন্ন ছবি ‘কিং’র গান প্রকাশ্যে এনেও চমকে দিয়েছেন তিনি। ভক্তদের কথায়, “বাদশার জন্মদিনে ওর থেকেই উপহার পেলাম।” গানটির নাম ‘তু মিল জায়ে’।
এই গানে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকেও। পর্দায় ফুটে উঠেছে শাহরুখ-দীপিকার সেই চেনা রোমান্স, সঙ্গে অ্যাকশনও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









