২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা বাস্তবায়নে দেশের চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে তথ্য সংগ্রহে উপ-কমিটি গঠন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে রংপুর বিভাগে কোনো কেন্দ্র বা বিশ্ববিদ্যালয়কে এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করায় বৈষম্যের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে গঠিত বাস্তবায়ন কমিটির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন জাবির প্রো-ভিসি (শিক্ষা), আইবিএ-জেইউর পরিচালক এবং আইআইটির পরিচালক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-কমিটিতে রয়েছেন প্রো-ভিসি (প্রশাসন), জীববিজ্ঞান অনুষদের ডিন, আইসিএলসির পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন। অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত উপ-কমিটিতে রয়েছেন কলা ও মানবিক অনুষদের ডিন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন।
অফিস আদেশে আরও বলা হয়, তথ্য সংগ্রহের সুবিধার্থে ভর্তি পরীক্ষা-সংক্রান্ত জরুরি জিজ্ঞাসা সম্বলিত একটি নমুনা প্রশ্নমালা উপ-কমিটিগুলোর কাছে পাঠানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, রংপুর বিভাগে কোনো বিশ্ববিদ্যালয়কে তথ্য সংগ্রহের আওতায় না রাখার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। তাদের দাবি, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্য যদি দেশের সব অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমানো হয়, তবে রংপুর বিভাগকে বাদ দেওয়ার যৌক্তিকতা নেই।
জাবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ছোয়াদ আনাম বলেন, ‘‘রংপুর বিভাগের হাজারো ভর্তিচ্ছু শিক্ষার্থীকে এখনো রাজশাহী বা ঢাকাসহ অন্য বিভাগে গিয়ে পরীক্ষা দিতে হতে পারে। এতে অতিরিক্ত ভ্রমণ ব্যয়, সময় ও ভোগান্তি কমার পরিবর্তে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা আগের মতোই বঞ্চিত থাকবেন। আমরা রংপুরে একটি কেন্দ্র অন্তর্ভুক্ত করে পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি জানাই। প্রশাসন আমাদের দাবি না মানলে আমরা আন্দোলনে যাব।’’
গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, ‘‘রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা কেন্দ্র না থাকাকে আমরা বৈষম্য হিসেবে দেখছি। এ বিষয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হবে। প্রয়োজনে দাবি আদায়ে আন্দোলনেও যাওয়া হবে।’’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, “রংপুরে কেন্দ্র স্থাপনের জন্য একটি কমিটি গঠনের বিষয়টি উপাচার্যের সাথে আলাপ করে দ্রুতই করে ফেলব। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমি আশা করি রংপুরেও একটি টিম ভিজিট করতে যাবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









