সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঋতুরাজ বসন্তে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। ফাগুনের উষ্ণ হাওয়া ছুঁয়ে গেলে লাল-কমলার রঙে জেগে ওঠে বিস্তীর্ণ এই ক্যাম্পাস। শীতের নিস্তেজতা পেছনে ফেলে বসন্তকে বরণ করে নিতে গাছে গাছে ফুটে ওঠে রঙিন পলাশ—যেন প্রকৃতির নিজস্ব উৎসব।
ডেইরি গেইট থেকে শুরু করে ক্যাম্পাসের প্রধান সড়ক, নারীদের হলপাড়ার প্রবেশপথ, সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন অমর একুশে ভাস্কর্যের পাশ, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তা—যেদিকে চোখ যায়, সেদিকেই পলাশের দহনরাঙা সৌন্দর্য। সবুজের বুক চিরে লালের এমন উচ্ছ্বাস যেন প্রকৃতির এক অনন্য রূপান্তর। বিকেলের নরম আলোয় এই রঙ আরও গাঢ় হয়ে ওঠে; লেকের জলে তার প্রতিচ্ছবি আঁকে আগুনরেখার মতো দৃশ্য।
ফাগুন মানেই নতুন শুরু, নতুন স্বপ্ন। পলাশের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে বসন্তস্নাত ক্যাম্পাসের রঙিন মুহূর্ত। এই প্রকৃতি মনকে হালকা করে দেয়, এনে দেয় প্রশান্তি।
বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাহদী বলেন, ‘বসন্ত এলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার ৭০০ একরের সবুজ ক্যাম্পাসে নতুন রূপে সেজে ওঠে। কচি পাতা, কৃষ্ণচূড়া, পলাশ ও সোনালুর রঙিন সমারোহ, পাখির কূজন ও প্রজাপতির উড়াউড়িতে পুরো পরিবেশ হয়ে ওঠে শান্ত, স্নিগ্ধ ও মনোমুগ্ধকর।’
শীতের অতিথি পাখির কোলাহল যেমন এই ক্যাম্পাসে প্রাণের স্পন্দন আনে, তেমনি বসন্তে পলাশ গাছগুলো তাকে দেয় আলাদা পরিচয়। প্রকৃতি ও শিক্ষার এই সহাবস্থানই জাবিকে অন্য বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র করে তোলে।
ক্যাম্পাসের এই অপরূপ সৌন্দর্য শুধু শিক্ষার্থীদেরই নয়, দূরদূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের মনও গভীরভাবে ছুঁয়ে যায়।
দর্শনার্থী সায়মন আহমেদ বলেন, ‘আমি এর আগেও এখানে এসেছি। বাংলাদেশের ছয় ঋতুর যে স্বকীয় বৈশিষ্ট্য—তা সত্যিকার অর্থে উপলব্ধি করা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলে। শীতের হিমেল আবহাওয়া ও অতিথি পাখির কলরব, বর্ষার ঝুম বৃষ্টিতে সবুজে ধোয়া প্রকৃতি, কিংবা বসন্তের রঙিন পলাশ-শিমুলে সেজে ওঠা ক্যাম্পাস—সব মিলিয়ে এই জায়গাটি আমাদের মনকে বারবার পুলকিত করে।’
এভাবেই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন রূপে ধরা দিয়ে ক্যাম্পাসটি হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের এক অনন্য আকর্ষণ।
তবে ফাগুনের এই সৌন্দর্য ক্ষণস্থায়ী। কয়েকদিন পরই ঝরে যাবে পাপড়ি, বদলে যাবে দৃশ্যপট। তবু স্মৃতিতে থেকে যাবে লাল রঙে ভেজা এই দিনগুলো। বারবার মনে করিয়ে দেবে বসন্ত মানেই নবজাগরণ, আর জাবি মানেই প্রকৃতির সঙ্গে হৃদয়ের এক গভীর সংলাপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









