শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং গবেষণাভিত্তিক একাডেমিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘বাউস্ট রিসার্চ সোসাইটি’ (বিআরএস)।
রোববার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের (আরপিসি) উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ কে এম নুরুল আমিন। এতে সভাপতিত্ব করেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গবেষণার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং জ্ঞানভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরিতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাউস্ট রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করা, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও আন্তবিষয়ক গবেষণায় নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিএইউএসটিতে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণার নতুন ক্ষেত্র তৈরি, জ্ঞান বিনিময় এবং একাডেমিক দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








