রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড, একটি রিভলবার এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বুধবার (২৯ জুলাই) রাতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব-১০ জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং নাশকতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তাদের নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের তথ্যমতে, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানীর ডেমরা থানার মল্লিকপাড়া আফাজ উদ্দিন রোডসংলগ্ন পাঁচকাঠা জঙ্গল এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়।
একই রাতে আনুমানিক ১টা ৩০ মিনিটে কদমতলী থানার জুরাইন বাগানবাড়ি নবীনবাগ এলাকার একটি পরিত্যক্ত কক্ষ থেকে একটি রিভলবার ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সরকারের নির্দেশনার পর তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
এ বিষয়ে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রবিরোধী যেকোনো অপতৎপরতা প্রতিরোধে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









