দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’। নতুন আঙ্গিকে অনুষ্ঠানটির পরবর্তী মৌসুম আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য অডিশনের ঘোষণাও দেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্প্রচার শুরু হতে পারে অনুষ্ঠানটির।
একসময় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মীর। টেলিভিশনে অনুষ্ঠানটির দর্শকপ্রিয়তা ও টিআরপি ছিল উল্লেখযোগ্য। ‘মীরাক্কেল’র মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অনেক প্রতিযোগী। পরবর্তী সময়ে তাদের অনেকে বিনোদনজগতে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটির একটি প্রচারমূলক টিজার প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। এতে সব বয়সী কমেডি পরিবেশকদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অডিশন ও বাছাইপর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা মূল পর্বে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী ফেব্রুয়ারিতে পর্দায় ফিরতে পারে ‘মীরাক্কেল’। তবে বিচারকমণ্ডলীর সদস্যদের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
দর্শকদের অনেকেই প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে আবারও বিচারকের আসনে দেখতে চান। আগের মৌসুমের কয়েকজন পরিচিত মুখ ও মেন্টরও নতুন আয়োজনে যুক্ত হতে পারেন। তবে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ও পরিবেশনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই অনুষ্ঠান নির্মাণের প্রতিটি পর্যায়ে নিয়মকানুন ও বিষয়বস্তু নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
এতে নির্মাণসংশ্লিষ্টদের ওপর বাড়তি চাপ তৈরি হলেও ‘মীরাক্কেল’র প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী পরিচালক। তার প্রত্যাশা, নতুন আঙ্গিকে ফিরে এসে অনুষ্ঠানটি আবারও দর্শকদের ভালোবাসা অর্জন করবে।
পাঁচ বছর পর ‘মীরাক্কেল’র প্রত্যাবর্তনের খবরে পুরোনো দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। এখন অপেক্ষা অডিশন, বিচারকমণ্ডলী ও সম্প্রচারের চূড়ান্ত ঘোষণার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








