দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা আবারও শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে একটি অপশক্তি। তবে জনগণের সমর্থন ছাড়া এ ধরনের ষড়যন্ত্র সফল হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, যে কর্মকাণ্ডের পেছনে জনসমর্থন নেই, তা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলেও সাধারণ মানুষ তা প্রতিহত করবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অর্থ পাচারসহ বিভিন্ন উপায়ে দেশবিরোধী তৎপরতা চালানোর চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে এসব অপচেষ্টা দিয়ে কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হবে না।
৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা নিয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিলেন। সেই বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল বলে মন্তব্য করেন তিনি।
একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ ও ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে উল্লেখ করে রিজভী বলেন, দেশে গুম, খুন এবং মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো ভীতিকর পরিবেশ আর ফিরে আসতে দেওয়া যাবে না।
আলোচনায় দেশের শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। রিজভী বলেন, বিগত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদন উল্লেখ করে তিনি দাবি করেন, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অর্থের লেনদেন হয়েছে। পাঠ্যপুস্তকে মনগড়া ইতিহাস সংযোজনের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তার মতে, শিক্ষা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। বিবেক, মনুষ্যত্ব এবং কঠিন সময়ে সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস অর্জনই প্রকৃত শিক্ষার পরিচয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








