পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এরআগে, বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫টার দিকে শিশু কল্যাণীর (ছদ্মনাম) বাবা-মা ও ভাই বাড়িতে অনুপস্থিত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়সংলগ্ন খালের পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা মঙ্গলী রানী ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাকে দেখতে পেয়ে অভিযুক্ত খগেশ্বর পালিয়ে যান। পরবর্তীতে মঙ্গলী রানী ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








