ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হবে আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাশাপাশি ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘‘সরকার ইতোমধ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে। প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করা হবে। ত্রিশালে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে।’’
অল্প সময়ের মধ্যেই ত্রিশালে পর্যটন এলাকার উন্নয়ন দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপি সরকার জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘‘ত্রিশাল ইতোমধ্যে একটি উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আধুনিক ত্রিশাল গড়ার উন্নয়ন কার্যক্রম স্থানীয় সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের হাত ধরেই এগিয়ে যাবে। কপালে থাকলে তিনিও যেকোনো সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন।’’
প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মদক্ষতার প্রশংসা করে বিমানমন্ত্রী বলেন, ‘‘আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন।’’ এ সময় ত্রিশালসহ সারা দেশকে মাদকমুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ আর এ দেশে ফিরে আসবে না। তাই নির্ভয়ে দায়িত্ব পালন করে যেতে হবে।’’
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








