সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর গাজীপুরের কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আরআরএন) পাইলট সরকারি উচ্চবিদ্যালয় ও কেন্দ্রীয় পাঠাগার চত্বর। কারও হাতে বই, কেউ পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। আর বিদ্যালয় মাঠে সন্তানদের অপেক্ষায় সময় কাটাচ্ছেন অভিভাবকেরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল খেকে বই পড়ার ব্যতিক্রমী আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে’ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। নির্ধারিত বই পড়ে নির্দিষ্ট বিষয়ের ওপর পরীক্ষায় অংশ নেয় তারা।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সেন্ট মেরিস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ ও তুমলিয়া বালক উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, এ ধরনের আয়োজন বই পড়ার প্রতি আগ্রহ বাড়াবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কেও সচেতন হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের সদস্যসচিব ও আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররাফ ইবনে কাদির বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের বই পড়তে আগ্রহী করবে এবং ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তি কমাতে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। সভাপতিত্ব করেন কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে সেরা শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। পাঠাভ্যাস গড়ে তোলা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বই পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








