মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ভোলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জাতীয় বন্ধুজন পরিষদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলার সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি তাদের সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও অর্জন করতে হবে।
জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলার প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ভিপি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আসিফ আলতাফ বলেন, ভোলার শিক্ষার্থীরা ভালো ফলাফল করে ভবিষ্যতে বড় জায়গায় পৌঁছাবে—এটাই প্রত্যাশা। তারা যেন নিজেদের শহরকে ভুলে না যায় এবং ভোলার স্মৃতি আজীবন মনে রাখতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন। মেধাবী জাতি গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীরাও এ আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তাদের অর্জন বাবা-মাকে উৎসর্গ করেন।
সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









