নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৈকুলী এলাকার শাহনাজ বেগম (৫৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে বরপা থেকে রূপসীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে মৈকুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন আরও তিনজন।
ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









