কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপসংলগ্ন নাফ নদী থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, বুধবার রাত ১১টার দিকে শাহপরী দ্বীপের নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধের সংকেত দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান একটি বস্তা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









