সিরাজগঞ্জের বেলকুচিতে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আদাচাকি গ্রামের ছাবের মিয়া ভিলেজ আই কেয়ার চক্ষু হাসপাতালে ‘মানবতার সেবা ফাউন্ডেশন’ এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেন অধ্যাপক ডা. গোলাম হায়দার।
ক্যাম্পে বিভিন্ন বয়সের কয়েক শ নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এ সময় সাধারণ মেডিসিন, নিউরোমেডিসিন, চক্ষু, নাক-কান-গলা, সার্জারি, মা ও শিশুস্বাস্থ্য, হৃদরোগ, চর্মরোগ ও ডায়াবেটিস বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পাশাপাশি রোগীদের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
কর্মসূচিতে চিকিৎসাসেবা দেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মহিবুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. রাজু আহমেদ, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মো. আরিফুল ইসলাম এবং অধ্যাপক ডা. গোলাম হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মহির উদ্দিন সরকার ও আল-আমীন সরকার, সভাপতি তানভীর আহম্মেদ শিহাব, সাধারণ সম্পাদক টিএনএস মোহাম্মদ নাসিম, সম্মিলিত পল্লি উন্নয়ন সংস্থার সভাপতি মো. রেজাউল করিম এবং বেলকুচি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম রানা। এ ছাড়া সংগঠনের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, অর্থাভাবে প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষ। এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









