আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহন চলছে। এতে সাবেক বিচারমন্ত্রী জোয়ানা রোসা বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নেভেস দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন।
রবিবার (১৫ নভেম্বর) কেপ ভার্দেতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোনো নারী দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোয়ানা রোসা বিরোধী দল গণতন্ত্রের আন্দোলনের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। দেশটিতে এর আগে নারীরা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও কোনো নারী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হননি।
এবারের নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৯ নভেম্বর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।
পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত কেপ ভার্দের জনসংখ্যা প্রায় পাঁচ লাখ। দেশটি স্বাধীনতার পর থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য পরিচিত। আফ্রিকার অনেক দেশে রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্ব থাকলেও কেপ ভার্দেতে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রয়েছে।
দেশটির প্রায় ৭৭ হাজার প্রবাসী ভোটারও এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। মোট ভোটারের প্রায় এক-পঞ্চমাংশই দেশের বাইরে বসবাস করেন।
কেপ ভার্দে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও লিঙ্গবিষয়ক অধ্যাপক রোজেলমা এভোরা বলেন, অনেক ভোটার মনে করেন, রাজনৈতিক নেতাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছে। তারা এমন একজন প্রেসিডেন্ট চান, যিনি তাঁদের দৈনন্দিন সমস্যা ও বাস্তবতা বুঝতে পারবেন। এ ছাড়া দেশে কর্মসংস্থানের সীমিত সুযোগের কারণে তরুণদের একটি বড় অংশ উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছে।
ক্ষমতার ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতি
বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস ২০২১ সালের নির্বাচনে প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। এবারও তিনি জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয় বাড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
অধ্যাপক এভোরার মতে, বর্তমান প্রেসিডেন্ট হিসেবে নেভেস প্রচারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছেন। দেশের ভেতরের পাশাপাশি বিদেশে বসবাসরত ভোটারদের কাছেও তিনি বেশি পরিচিত।
অন্যদিকে জোয়ানা রোসা নির্বাচনী প্রচারে ক্ষমতার ভারসাম্য রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর যুক্তি, দেশটির সরকার ও অধিকাংশ পৌরসভার নিয়ন্ত্রণ একটি দলের হাতে থাকায় প্রেসিডেন্টের পদে ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকা প্রয়োজন।

বর্তমানে আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেনডেন্স অব কেপ ভার্দে (পাইকভ) দেশটির সরকার ও অধিকাংশ পৌরসভা নিয়ন্ত্রণ করছে। দলটি নেভেসকে সমর্থন দিচ্ছে। গত মে মাসের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি। এর মধ্য দিয়ে গণতন্ত্রের আন্দোলনের নেতৃত্বাধীন এক দশকের সরকারের অবসান ঘটে।
রোসা নির্বাচিত হলে প্রেসিডেন্ট ও সরকারের দায়িত্ব আবারও ভিন্ন রাজনৈতিক শিবিরের হাতে চলে যাবে।
নারী নেতৃত্ব নিয়ে বিতর্ক
জোয়ানা রোসার প্রার্থিতা দেশটির সমাজে নারীদের প্রচলিত ভূমিকা ও রাজনৈতিক নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। অধ্যাপক এভোরা বলেন, কেপ ভার্দের সমাজ এখনো অনেকটা পুরুষতান্ত্রিক। ফলে একজন নারীর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রচলিত সামাজিক প্রত্যাশাকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
তবে দেশটির লেখক রোজারিও লুজ মনে করেন, নির্বাচনে রোসার নারী পরিচয়ের চেয়ে দলীয় আনুগত্য বেশি গুরুত্ব পাবে। তিনি বলেন, ‘আমাদের রাজনীতিতে অনেক নারী রয়েছেন, কিন্তু নারীদের জন্য যে ধরনের নীতি থাকা প্রয়োজন, তা নেই।’
লুজের মতে, কেপ ভার্দেতে পরিবারের আর্থিক দায়িত্বের বড় অংশ নারীদের বহন করতে হয়। কিন্তু সরকারের নীতিমালায় তাদের এই চাপ যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
এবারের নির্বাচনে তাই শুধু প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনাই নয়, নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান এবং দেশের ক্ষমতার ভারসাম্য নিয়েও ভোটারদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








