জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই ছিল রাজনৈতিক জাগরণ। এটি ছিল প্রজাতন্ত্রের মালিকানা পুনরুদ্ধারের দাবি,”
রবিবার (১৫ নভেম্বর) যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ‘ক্যামব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি’র আয়োজনে একক আলোচনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন উল্লেখ করে মো. নাহিদ ইসলাম বলেন, ‘‘২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতন ঘটে। তবে জুলাইকে শুধু সরকার পতনের ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। জুলাই ছিল রাজনৈতিক জাগরণ। এটি ছিল প্রজাতন্ত্রের মালিকানা পুনরুদ্ধারের দাবি।”
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের ন্যায্যতা এবং সমান সুযোগের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুত কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশব্যাপী অভ্যুত্থানে রূপ নেয়। শিক্ষার্থী, শ্রমিক, শিক্ষক, পেশাজীবী, অভিভাবকসহ সাধারণ মানুষ এতে যুক্ত হন।’’ শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে আন্দোলনের অন্যতম প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি।
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘ভবিষ্যতে কর্তৃত্ববাদ ফিরে আসা ঠেকাতে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক বন্দোবস্ত প্রয়োজন।’’ এ জন্য স্বাধীন বিচার বিভাগ, জবাবদিহিমূলক পুলিশ প্রশাসন, কার্যকর দুর্নীতিবিরোধী ব্যবস্থা, গ্রহণযোগ্য নির্বাচন এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতে সক্ষম সংসদ গড়ে তোলার কথা বলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থান থেকে এনসিপির জন্মের প্রসঙ্গ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘‘প্রচলিত রাজনৈতিক দলের মতো করে তাদের যাত্রা শুরু হয়নি। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতাকর্মীদের উদ্যোগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়। রাজনীতিতে যুক্ত হওয়ার উদ্দেশ্য ছিল রাজপথের আন্দোলনের শক্তিকে একটি টেকসই গণতান্ত্রিক রাজনৈতিক উদ্যোগে রূপ দেওয়া।’’
ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকার তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘‘তরুণ প্রজন্মের কাছে কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রযুক্তি ও গবেষণায় সক্ষমতা অর্জন গুরুত্বপূর্ণ প্রশ্ন।’’ তার মতে, শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ ছাড়া সাংবিধানিক অধিকার বাস্তব জীবনে পূর্ণতা পায় না।
আঞ্চলিক রাজনীতি ও পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘‘বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু একটি ধারণা নয়; এর সঙ্গে নদী ও পানিসম্পদ, সীমান্ত, সামুদ্রিক এলাকা, বন্দর, বাণিজ্যপথ এবং স্বাধীন পররাষ্ট্রনীতি নির্ধারণের সক্ষমতা জড়িত।’’
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘‘সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে, আধিপত্য বা রাজনৈতিক নির্ভরতার ভিত্তিতে নয়।’’
বক্তব্যের শেষাংশে নাহিদ ইসলাম এমন একটি বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরেন, যে বাংলাদেশ নিজস্ব সভ্যতা ও সংস্কৃতি নিয়ে আত্মবিশ্বাসী, পররাষ্ট্রনীতিতে স্বাধীন, রাজনৈতিক প্রতিষ্ঠানে গণতান্ত্রিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় ন্যায়ভিত্তিক।
তিনি বলেন, ‘‘বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বজুড়ে গণতন্ত্র নিয়ে আলোচনার অংশ হওয়া উচিত।’’
আয়োজকরা জানান, নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
এ ছাড়া আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। সফর শেষে আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








