চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্ধিত সময়সূচি সব শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত আবেদনের সময় দেওয়া হয়েছিল। ফি জমার শেষ দিন ছিল ১০ নভেম্বর। এক বা দুই বিষয়ে অকৃতকার্য ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থীর সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকলেও প্রথম দফায় আবেদন করেননি ৫৬ হাজার ৯৯৪ জন।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
আবেদন না করার কারণ হিসেবে আর্থিক সংকট, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার ঘাটতি এবং সচেতনতার অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. আব্দুস সালাম মনে করেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অনেক শিক্ষার্থীর আত্মবিশ্বাস কমে যায়। অল্প সময়ে প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষায় অংশ নেওয়া নিয়েও তাদের মধ্যে সংশয় তৈরি হয়। এ ছাড়া আর্থিক সংকটের কারণে কেউ কেউ কর্মজীবনে যুক্ত হয়ে পড়ায় পড়াশোনা থেকে ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।
১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সম্পূরক পরীক্ষা। প্রথম দিন ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং পরদিন বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন অর্থনীতি ও আরবি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।
প্রতিটি বিষয়ের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দ্বিতীয় শিফটে দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
ব্যবহারিক পরীক্ষায় আগের প্রাপ্ত নম্বর বহাল থাকবে। তবে ব্যবহারিক অংশে অকৃতকার্য বা অনুপস্থিত শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দিতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিয়ে নম্বর অনলাইনে এন্ট্রি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে হবে।
পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








