সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এক বছরে ১৮ কোটি ৪৯ লাখ ১ হাজার ১২৩ টাকা মূল্যের মাদক, স্বর্ণ, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় মাদকসহ বিভিন্ন ঘটনায় ৩৯ জন আসামি গ্রেপ্তারের তথ্যও জানিয়েছে বাহিনী।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলার আওতাধীন ১০৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ১৫৭ টাকা। এর মধ্যে রয়েছে ৬ হাজার ৭৯৮ বোতল মদ, ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা, ১ হাজার ৬৯২ বোতল ফেনসিডিল, ১৪৭ কেজি ৫০২ গ্রাম গাঁজা, ১৪ হাজার ৯৫৭ বোতল ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্যের সিরাপ এবং ৪৪ হাজার ৪২৬ পিস ভায়াগ্রা।
এ ছাড়া চারজন আসামিসহ ২ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ৬১৩ টাকা। অন্যান্য চোরাচালানি মালামালের মূল্য ১১ কোটি ১২ লাখ ৮ হাজার ৩৫৩ টাকা। সীমান্তে অভিযান চালিয়ে সাতটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলিও জব্দ করেছে বিজিবি। এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৬ লাখ ১৩ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক বছরে ১৬ জন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিকসহ মোট ৭২৪ জন অবৈধ অনুপ্রবেশকারী এবং আটজন দালালকে আটক করেছে ৫৮ বিজিবি। এ ছাড়া বিএসএফের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে ৭৮ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও অপরাধ দমনে তাদের সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে বাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








