নেত্রকোণার কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির স্কুলছাত্রী প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
রবিবার (১৫ নভেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। অভিযুক্ত তিনজনই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার আসামিরা হলেন- উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা মো. শুভ (২৪), মো. নুরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)। তারা পরস্পরের প্রতিবেশী।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে শুভর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়ির বাইরে ডেকে নেন শুভ। পরে অটোরিকশার জন্য অপেক্ষা করার কথা বলে বাড়ির পেছনের একটি জমিতে নিয়ে যান।
এজাহারের বর্ণনা অনুযায়ী, পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে সেখানে নুরে আলম ও শাহ আলম উপস্থিত হন। একপর্যায়ে অটোরিকশা আনার কথা বলে শুভ ও শাহ আলম সেখান থেকে সরে যান। এ সময় নুরে আলম প্রাণনাশের ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এরপর শুভ ফিরে এসে কিশোরীকে ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করতে নুরে আলমকে নির্দেশ দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে শুভর সহযোগিতায় শাহ আলমও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এজাহারে আরও বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার রাত ১টার মধ্যে এসব ঘটনা ঘটে। পরে বিষয়টি কাউকে না জানাতে এবং বাড়িতে না ফিরে যেতে কিশোরীকে হুমকি দেন অভিযুক্তরা। বাড়িতে ফিরলে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে কিশোরী প্রথমে পাশের গোপালপুর গ্রামের এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানে আশ্রয় না পেয়ে শিবপুর গ্রামের আরেক সহপাঠীর বাড়ির বারান্দায় রাত কাটায় সে। শনিবার ভোরে ওই সহপাঠীর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সেখানে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায় ওই ছাত্রী।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘‘ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








