দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিনের আলোচনার পরও আচরণবিধি চূড়ান্ত করতে পারেনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান ও চীন। খসড়ার প্রায় ৮০ শতাংশ বিষয়ে প্রাথমিক সমঝোতা হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
রবিবার (১৫ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের শীর্ষ সম্মেলনের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো।
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা কমানো এবং সমুদ্রসীমা নিয়ে বিরোধ সামাল দিতে আসিয়ান ও চীনের মধ্যে একটি আচরণবিধি তৈরির আলোচনা দুই দশকের বেশি সময় ধরে চলছে। চলতি বছর আসিয়ানের সভাপতির দায়িত্বে থাকা ফিলিপাইন আলোচনায় গতি এনে চুক্তিটি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী লাজারো বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।’ আচরণবিধিটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, তা নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে। এ ছাড়া আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের দৃষ্টিভঙ্গিরও পার্থক্য রয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো চায়, আচরণবিধিটি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তৈরি হোক। তাদের অভিযোগ, দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশের ওপর সার্বভৌমত্ব দাবি করতে গিয়ে চীন বারবার আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে। তবে বেইজিংয়ের দাবি, ওই অঞ্চলে তাদের সব কর্মকাণ্ড আইনসম্মত ও দায়িত্বশীল।
সমুদ্রসীমা নিয়ে বিরোধ
দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ জলসীমা নিয়ে চীনের দাবির সঙ্গে ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিরোধ রয়েছে। এ কারণে সমুদ্রপথে সংঘাত এড়ানো এবং বিভিন্ন ঘটনার সমাধানে কার্যকর আচরণবিধি জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট দেশগুলো।
২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিশি আদালত রায় দিয়েছিলেন, দক্ষিণ চীন সাগরের ওপর চীনের বিস্তৃত মালিকানার দাবির আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। তবে বেইজিং ওই রায় প্রত্যাখ্যান করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপাইন ও চীনের মধ্যে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। ফিলিপাইনের অভিযোগ, দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনা জাহাজ বিপজ্জনকভাবে চলাচল করেছে, জলকামান ব্যবহার করেছে এবং সরবরাহ কার্যক্রমে বাধা দিয়েছে। অন্যদিকে চীনের দাবি, ফিলিপাইন তাদের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে।

আসিয়ানের ভেতরেও মতপার্থক্য
আচরণবিধি চূড়ান্ত না হওয়ার পেছনে শুধু চীন ও আসিয়ানের মতবিরোধই দায়ী নয়। আসিয়ানের সদস্যদেশগুলোর মধ্যেও কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে।
সিঙ্গাপুরের এস রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক কলিন কোহ বলেন, আচরণবিধির আওতায় দক্ষিণ চীন সাগরের কোন কোন অঞ্চল থাকবে, তা নিয়েও আসিয়ানের সদস্যদেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে। এসব অভ্যন্তরীণ মতপার্থক্য আলোচনাকে ধীর করেছে।
কোহের মতে, বাকি মতপার্থক্যগুলো দূর করা কঠিন হবে। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে বড় ধরনের ছাড় দিতে হবে।
আগামী বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব নেবে সিঙ্গাপুর। তখন দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টার দায়িত্ব দেশটির ওপর পড়বে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








