আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার আগাম বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩২-এর সরকারি দলের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় ভালো থাকবে বলে সরকার আশা করছে। এতে বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।’’
তিনি বলেন, ‘‘এ বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় ভালো থাকবে। এখন পর্যন্ত আমরা যে মূল্য পরিস্থিতি দেখছি, তাতে পণ্যের দাম সহনীয় থাকবে, এমনকি গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না এলে এই পরিস্থিতি বজায় থাকবে বলে আমরা আশা করছি।’’
তিনি বলেন, ‘‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।’’
বাজার মনিটরিং, আগাম পণ্যের মূল্য নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘বাজারে পর্যাপ্ত সরবরাহ ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’
দেশের বাজার ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘‘বাজার ব্যবস্থায় বিভিন্ন ধরনের অসামঞ্জস্য থাকায় সব জায়গায় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে থাকে না। বিশেষ করে উৎপাদন এলাকা এবং খুচরা বাজারের মধ্যে ভৌগোলিক দূরত্ব ও ভারসাম্যহীনতা-এর অন্যতম কারণ।’’
তিনি বলেন, ‘‘দেশের সরবরাহ ব্যবস্থায়ও দুর্বলতা রয়েছে। গত ৫৫ বছরে সারা বছর কৃষিপণ্যের পর্যাপ্ত সরবরাহ এবং তুলনামূলক স্থিতিশীল মূল্য নিশ্চিত করার মতো সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি।’’
তিনি বলেন, ‘‘মৌসুমি সবজি উৎপাদনের সময় বাজারে সহজলভ্য থাকলেও বছরের অন্য সময়ে এসব পণ্যের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়।’’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘মৌসুমি পণ্যের দাম সারা বছর একই পর্যায়ে রাখতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হলে আমাদের সরবরাহব্যবস্থাকে সেভাবেই নতুন করে সাজাতে হবে।’’
তিনি বলেন, ‘‘সরকার ইতোমধ্যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। সারা বছর ফলমূল ও শাকসবজিসহ কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।’’
কৃষিমন্ত্রীকে একজন দক্ষ ও পরিশ্রমী সহকর্মী হিসেবে উল্লেখ করে মুক্তাদির বলেন, ‘‘দুই মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে একটি বিস্তৃত সরবরাহব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করা হবে। আমরা অন্তত বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি। এখন এ বিষয়ে কাজ শুরু করব। একটি সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তুলতে বাণিজ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে।’’
আন্তর্জাতিক অভিজ্ঞতার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘‘বিশ্বের কয়েকটি দেশ বাজারের এ ধরনের অসামঞ্জস্য দূর করতে সমন্বিত সরবরাহব্যবস্থা গড়ে তুলেছে। বাংলাদেশও একই ধরনের উদ্যোগ গ্রহণ করবে।’’
সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা সম্ভব হলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








