বাগেরহাটের শরণখোলায় ২৪ ঘন্টার ব্যবধানে আবােরো ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।
বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে সুন্দরবনের ছাপড়াখালী এলাকার নদী থেকে জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, “বৃহস্পতিবার ভোররাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।”
অপহৃত জেলেরা হচ্ছে- শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০) পাথরঘাটার পদ্মা গ্রামের হাসিব (২১) অন্য আর একজন জেলের নাম জানা যায়নি। এর আগে মঙ্গলবার রাতে সুন্দরবনের ফুসফুসেরচর এলাকা থেকে ১২ জেলে অপহৃত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, “সুন্দরবনে জেলে ও মৌয়ালীদের কাছে এখন মুর্তিমান আতংকের নাম জাহাঙ্গীর বাহিনী। জাহাঙ্গীর বাহিনী বেপরোয়া হয়ে সুন্দরবনে জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের একজন কর্মকর্তা বলেন, বনদস্যুদের কারণে এ বছর সুন্দরবনে মধু ও মাছের রাজস্ব আয় কমে গেছে। দস্যুদের ভয়ে অনেকেই মধু আহরণ ও মাছ ধরতে সুন্দরবনে যায়নি বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বুধবার দিবাগত রাতে ছাপড়াখালী এলাকায় ৬ জেলে অপহরণের খবর তারা পেয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, সুন্দরবনে ৬ জেলে অপহরণের খবর তার জানা নেই। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









