বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনে দস্যু দমনে কোস্টগার্ডের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শীল্ড’র আওতায় পৃথক দুটি অভিযানে বনদস্যু দলের হাতে অপহরণের পর মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২২ মে) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মংলার মিডিয়া কর্মকর্তা লেফট্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিফিংয়ে তিনি জানান, দুর্ধর্ষ বনদস্যু দয়ালবাহিনী সুন্দরবনের আন্দারমানিক এলাকার কেওড়াতলা খাল এলাকায় কিছু জেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৪টায় কোস্টগার্ড স্টেশন কয়রার সদস্যরা ঐ এলাকায় অভিযান চালায়। দস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। এসময় দস্যুদের ঐ আস্তানা থেকে জিম্মি থাকা ১০ জেলেকে উদ্ধার করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড মংলা বেইস সুন্দরবনের শিবসা নদীর দুধমূখী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী গুলিবর্ষণ শুরু করে। জবাবে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে যায়। এ সময় কোস্টগার্ড সদস্যরা ঐ এলাকায় তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ফাকা কার্তুজ উদ্ধার করে। এ সময় মুক্তিপণের দাবিতে জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ১১ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের কোস্ট গার্ড পশ্চিম জোন মংলা অফিসে এনে পরিচর্যার পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
সুন্দরবনের দস্যু দমন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন ঐ কর্মকতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









