চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আবুল হাসনাত মোহা. শামীমকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিনোদপুর কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক তরিকুল আলম।
সহকারী শিক্ষক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি আমি এলাকার একজন সেবক হিসেবে কাজ করতে চাই। আমরা যদি সম্মিলিতভাবে এলাকার সব ধরনের সমস্যার সমাধানে এগিয়ে আসেতে পারি তবে যে কোন বড় বড় সমস্য সমাধানে সাফল্য লাভ করবো ইনশাল্লাহ। তাই সবার প্রতি আমার অনুরোধ, আসুন আমরা এলাকার উন্নয়নসহ সব ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণ করি।’’
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের (আশুলিয়া শাখা) সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ বাবু। তিনি বলেন ‘‘আমাদের এলাকায় এমন কৃতী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া এই সর্বপ্রথম। আমরা এর ধারাবাহিকতায় এরপর থেকে এলাকার যে কোন সফল বা কৃতি সন্তানকে সংবর্ধণা দিবো।’’
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম, ঢাকা ডেমরা শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজিজুল হক ও রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এফাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার শিক্ষক শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে আবুল হাসনাত মো. শামীমকে ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









