স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার দুপুর থেকে হাসপাতাল ও মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এতে মেডিকেল কলেজ এলাকায় আন্দোলনমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, বর্তমান বাজার পরিস্থিতি ও নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সুরক্ষা আইন প্রণয়ন, বিএমইউ ও বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে এক হাজার টাকার মধ্যে নির্ধারণ, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নসহ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসকদের বিভিন্ন যৌক্তিক দাবি উপেক্ষিত হয়ে আসছে। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতির মতো কর্মসূচি গ্রহণ করেছেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়া হবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
পরে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মেডিকেল কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে হাসপাতালের প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









