কক্সবাজারের পেকুয়ায় টানা দুই দিনের ভারী বর্ষণে পাহাড়ধসের ঘটনায় দেয়ালচাপা পড়ে মো. মিনহাজ উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমের ঝিরি এলাকার খলিফা মুড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা কলিম উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বারবাকিয়া রেঞ্জ অফিসার মোহাম্মদ খালেকুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিনের টানা বর্ষণে এলাকার পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোমবার দুপুরে ভারী বৃষ্টির মধ্যে কলিম উল্লাহর বাড়ির পাশের একটি পাহাড় ধসে পড়ে। ধসে আসা মাটি ও পাথরের চাপে বাড়ির একটি দেয়াল ভেঙে যায়। এ সময় দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু মিনহাজ। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শিশুটির পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, শিশুটির মৃত্যুর পর টৈটং ইউনিয়নের পাহাড়ঘেঁষা বিভিন্ন এলাকায় বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টানা বর্ষণ অব্যাহত থাকায় আরও পাহাড়ধসের আশঙ্কায় অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে৷


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









