আসন্ন নতুন কুঁড়ি স্পোর্টস’র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলের হয়ে অংশ নেবেন নীলফামারীর সৈয়দপুরের প্রতিভাবান ক্রিকেটার সুরাইয়া আক্তার (১১)। তার এই সাফল্যে পাশে দাঁড়িয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসন। নিয়মিত অনুশীলনের জন্য প্রয়োজনীয় খেলার সামগ্রী প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা সুরাইয়া আক্তারের হাতে প্রয়োজনীয় ওই খেলার সামগ্রী তুলে দেন।
সুরাইয়া আক্তার বর্তমানে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়-এর ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথমে সৈয়দপুর উপজেলার হয়ে অংশ নিয়ে জেলা পর্যায়ে জায়গা করে নেন। সেখানে পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে জেলা দলে সুযোগ পান। পরে জেলা দলের হয়ে বিভাগীয় পর্যায়ে নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে রংপুর বিভাগীয় দলের চূড়ান্ত ১৪ সদস্যের স্কোয়াডে নিজের স্থান নিশ্চিত করেন।
ক্রিকেটে তার এই সাফল্যের পেছনে স্থানীয় অভিজ্ঞ ক্রিকেট কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার মোক্তার সিদ্দিকীর তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে অনুশীলনের জন্য প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জামের অভাব থাকার বিষয়টি জানার পরপরই সৈয়দপুর উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এ সময় ইউএনও সুরাইয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, জাতীয় পর্যায়ে রংপুর বিভাগের প্রতিনিধিত্বের মাধ্যমে সে যেন আরও সাফল্য অর্জন করে এবং সৈয়দপুর ও দেশের জন্য গৌরব বয়ে আনে। এ সময় আরও উপস্থিত ছিলেন ইহতেশামুল হক সানি।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। সাবেক ক্রিকেটার মোক্তার সিদ্দিকী বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের পাশে প্রশাসনের এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও অনেক মেধাবী ক্রীড়াবিদকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









