চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। শনিবার (১১ জুলাই) রাতে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ ফতেপুর বিওপির একটি দল রাত ২টা ২০ মিনিটে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৪৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। অন্যদিকে, মনোহরপুর বিওপির অপর একটি দল রাত ৯টা ৩০ মিনিটে একই ইউনিয়নের রামনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ৭৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
দুই অভিযানে জব্দকৃত মোট ১২২ বোতল মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৮ হাজার ৮০০ টাকা। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
বিজিবি আরও জানায়, চলতি জুলাই মাসে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে ১ জন আসামিসহ মোট ১৪৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং আরও ৪৬ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









