নীলফামারীর সৈয়দপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মোট ২০ জন শিক্ষার্থীর হাতে ওই সাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম এবং শহর আমীর শরফুদ্দিন খান।
প্রধান অতিথি সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। সাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং এতে তাদের লেখাপড়ায় আরও উৎসাহ সৃষ্টি হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।”
সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, “উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থীকে সাইকেল প্রদান করা হয়েছে। এর আগেও বিভিন্ন খেলা সমাগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন “
অনুষ্ঠান শেষে নির্বাচিত ২০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









