গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই এ উপলক্ষে উপজেলার বাদাউড়া নদীর তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই পাড়ে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটেছে। বৃহত্তর সিলেট বিভাগ থেকে ১৮ নৌকা অংশগ্রহণ করে। ১৮ নৌকা মধ্যে সেমিফাইনাল পর্যন্ত বাইচ সম্পন্ন হয়েছে। সন্ধ্যা হয়ে আসায় নৌকা বাইচ সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানান আয়োজক কমিটি। সারা দিন সুন্দর, সুষ্ঠু পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।
স্থানীয়দের মতে, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রতি বছরের মতো এবারও এ আয়োজনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। নদীর দুই তীরে দর্শকদের উচ্ছ্বাস, মাঝিদের সমবেত বৈঠা চালনা এবং লোকজ আবহ পুরো এলাকাকে প্রাণবন্ত করে তুলেছে।
এ ব্যাপারে পরিচালনা কমিটির দায়িত্বে থাকা পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল হোসেন জানান, সেমিফাইনালে ময়ূর পংকি, রঙিন উড়াল নৌকাকে পরাজিত করে ফাইনালে উঠেছে অপর সেমিফাইনাল জলপবন জগন্নাথপুর ও দ্বীন মোহাম্মদ নৌকার বাইচ স্থগিত করা হয়েছে। হবিবপুর গ্ৰামবাসীর সবাইকে নিয়ে আলোচনা করে পরবর্তী নৌকা বাইচ শেষ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









