ইরানের ওপর কয়েক মাস ধরে চলা নৌ অবরোধের পর এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষিদ্ধ পণ্যের চলাচল সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে নতুন একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করছে মার্কিন সামরিক বাহিনী।
শনিবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে নতুন এই ইউনিটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবস্থিত হবে। এটি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। ইরানের উন্নত অস্ত্রব্যবস্থা ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন সামগ্রীর চলাচল নিয়ন্ত্রণ করাই হবে এর অন্যতম প্রধান লক্ষ্য।
তবে শুধু অস্ত্র সরবরাহ বন্ধ করাই নয়, দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য (যেসব পণ্য বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহার করা যায়) এবং অবৈধ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণেও কাজ করবে টাস্ক ফোর্সটি।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, মার্কিন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা জোরদার হলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সক্ষমতা পুনরায় গড়ে তোলার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত করা সম্ভব হবে।
এদিকে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধের প্রভাব নিয়েও একটি হিসাব দিয়েছে সেন্টকম। সংস্থাটির দাবি, এই অবরোধের কারণে ইরান এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করতে পারেনি।
বিশ্লেষকদের মতে, নৌ অবরোধের পাশাপাশি স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরকেন্দ্রিক বাণিজ্য নিয়ন্ত্রণের এই উদ্যোগ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপ আরও বাড়ানোর একটি পদক্ষেপ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









