জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। গণমিছিলটি হাতিয়া দ্বীপ সরকারী কলেজের সামনে থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ন্যায়বিচার, জবাবদিহি ও রাষ্ট্র সংস্কার নিশ্চিত করা জরুরি। তারা বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি শহীদ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।
হাতিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ফয়জুল বারী তারিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আইনজীবী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নে অপরাধীদের দ্রুত বিচার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেরহান উদ্দিন মাস্টার, হাতিয়া পৌর জামায়াতের আমির তাওফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম উন্নয়ন সম্পাদক ও হাতিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী সাব্বির আহমেদ তাফসির এবং হাতিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুল ওহাব বাবুল।
এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুল হক মামুন, জাহাজমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নোমান সিদ্দিক, সুখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রকিবুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা।
সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির বেরহান উদ্দিন মাস্টার শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









