বরিশাল সদর উপজেলার নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুটি ড্রেজার, দুটি বাল্কহেড এবং সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে সদর উপজেলার চরমোনাই নাইন্দার চর সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়, যারা বালু উত্তোলনের কাজে জড়িত ছিলেন।
পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে আটক সাতজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার লিখিত মুচলেকা নেওয়া হয়। এরপর তাদের ছেড়ে দেওয়া হয় এবং জব্দ করা ড্রেজার ও বাল্কহেডও মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরবর্তী ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ছে। এ কারণে পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









