চট্টগ্রামের হাটহাজারীতে মাদক, চুরি, ডাকাতি ও অনলাইন জুয়াসহ যাবতীয় সামাজিক অপরাধ নির্মূলে এলাকাবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে এক আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মো. মুছার সভাপতিত্বে এবং গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, “যুবসমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ মাদক। তবে সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়াতেও তাদের সক্রিয়তা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অভিযোগ রয়েছে, এসবের অর্থের জোগান দিতেই এলাকায় চুরি ও ডাকাতি বাড়ছে। যুবসমাজকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এলাকায় কোনো মাদক কারবারি বা অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। তিনি বলেন, “মাদক সেবন, কারবার কিংবা জুয়ার বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।”
সভায় চারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালাউদ্দিন জাহাঙ্গীর, চারিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া, নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভীসহ সাবেক ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক, জুয়া ও চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের জন্য এটিই শেষ বার্তা। প্রতিটি পরিবারের অভিভাবকদের নিজ সন্তানদের প্রতি নজর রাখার আকুল আহ্বান জানানোর পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









