জাতীয় পরিচয়পত্রে নাম-ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষরক্ষা হলো না। ঢাকার কাফরুল থানার মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুজ্জামান টিটুকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার জলসিঁড়ি এলাকা থেকে র্যাব-৮ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে শুক্রবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালে ঢাকার কাফরুল থানায় মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তার টিটু বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। র্যাবের দাবি, সাজা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে তিনি জাতীয় পরিচয়পত্রে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করেন। এরপর পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে অবস্থান করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
র্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল ও র্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার জলসিঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘‘গ্রেপ্তার মনিরুজ্জামান টিটু ঢাকার কাফরুল থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। র্যাবের যৌথ অভিযানে আটকের পর তাকে আমাদের থানায় দিয়ে গেলে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা ও আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









