“শুধু নিজের নাম লিখতে পারা সাক্ষরতা নয়; সঠিকভাবে পড়তে, লিখতে ও গণনা করতে পারার পাশাপাশি শিক্ষাকে মানসম্মত ও নৈতিকতাসম্পন্ন হতে হবে।”
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বরিশাল সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন।
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বরিশালে দিবসটি পালিত হয়। সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে মূল আলোচনা সভায় মিলিত হয়।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং বয়স্কদের কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কেবল শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ালেই লক্ষ্য অর্জন হবে না। শিক্ষার আসল সুফল পেতে হলে ঝরে পড়া ও পিছিয়ে পড়া মানুষদের জীবনমুখী ও দক্ষতা উন্নয়নমূলক শিক্ষার আওতায় এনে স্বাবলম্বী করে তুলতে হবে।”
বিশ্বাসরে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আ. জব্বার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহজাদী আক্তার এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা সারোয়ার হোসেন।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও উপানুষ্ঠানিক শিক্ষাকে মাঠপর্যায়ে আরও কার্যকর করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









