‘‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণ করতে দেওয়া হবে না। শিক্ষার মানোন্নয়নের জন্য যা যা প্রয়োজন, আমরা তা কঠোর নিয়মনীতির মধ্য দিয়ে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো।’’ বলে মন্তব্য করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১১৮ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, সারিয়াকান্দি ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম এবং মথুরাপাড়া বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোকছেদুল আলমসহ অনেকে।
বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের এ সফলতা কেবল তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো এলাকার জন্য অত্যন্ত গর্বের। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা মত প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ি গমির উদ্দিন বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মুশফিকুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









