বিয়ের এক বছর পূর্ণ করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রথম বিবাহবার্ষিকীতে ঘরোয়াভাবে কেক কেটে বিশেষ দিনটি উদযাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা তিক্ত অভিজ্ঞতা, ভুল সিদ্ধান্ত ও মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন অভিনেত্রী। একই সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

বিবাহবার্ষিকী উপলক্ষে দেওয়া পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘‘আল্লাহ তার সৃষ্টিকে খুব বেশিদিন কষ্টে রাখেন না। তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহারস্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন। তার চেয়েও বড় উপহার আমাকে চমৎকার একটা পরিবারের অংশ করেছেন, যেখানে আমি আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে সব শেয়ার করতে পারি। ননদের সঙ্গে তার ভাইকে নিয়ে হাসাহাসি করতে পারি। আলহামদুলিল্লাহ।’’
তবে শুধু বর্তমানের সুখের কথাই নয়, নিজের অতীতের নানা অভিজ্ঞতার কথাও পোস্টে তুলে ধরেছেন ফারিয়া। জীবনে নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত, সামাজিকতার চাপে নিজের ইচ্ছার বাইরে গিয়ে অনেক কিছু সহ্য করার বিষয়টিও জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘‘প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমার কিছু ভুল শুধু শুধু ভুল বললে হবে না, লিটরালি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছি, সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি, পচা শামুকে পা কেটে এমন দাগ ফেলেছি যে প্লাস্টিক সার্জারি করেও সে দাগ তোলা যাবে না।’’
অতীতের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে বিভিন্নভাবে নিজেকে সামলানোর চেষ্টা করেছেন বলেও জানান তিনি। ফারিয়া বলেন, ‘‘সহ্য না করতে পারলে সোশ্যাল মিডিয়ায় এসে কখনো কখনো রাগ ঝেড়েছি, নিজের এবং অন্যের ওপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং, থেরাপি কিছুই বাদ দিইনি। জীবন থেকে বেশ কিছু বছর চলে গেছে ভেতরে সেই জমা আর্তনাদ থেকে পালাতে।’’

বর্তমান জীবনে স্বামী ও পরিবারের ভালোবাসাকে নিজের জন্য বড় পাওয়া হিসেবে দেখছেন অভিনেত্রী। সেই কৃতজ্ঞতার পাশাপাশি বিবাহবার্ষিকীর পোস্টের শেষদিকে স্বামী তানজিম তৈয়বকে নিয়ে মজার ছলও করেছেন তিনি।
তানজিমকে ট্যাগ করে ফারিয়া লেখেন, ‘‘হ্যাপি অ্যানিভার্সারি তানজিম। সামনের বছরের তোমার প্রতিপাদ্য বিষয়—‘রুম থেকে বের হলে লাইট/ফ্যান/এসি অফ করতে হয়’ আর ‘ফ্রিজ থেকে পানি বের করলে ফ্রিজের দরজা বন্ধ করতে হয়’।’’
আবেগ, কৃতজ্ঞতা ও হাস্যরসের মিশেলে দেওয়া ফারিয়ার এই পোস্টটি বিবাহবার্ষিকীতে তার নতুন জীবনের নানা অনুভূতির কথাই তুলে ধরেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









