গোপালগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের মুখোমুখি হয় স্বাগতিক আরামবাগ ক্রীড়া সংঘ।
ম্যাচের শুরু থেকেই বর্তমান চ্যাম্পিয়নদের আক্রমণ সামলে খেলতে থাকে আরামবাগ। ৩১ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতা ধরে রাখে তারা। তবে ৩২ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেপালের খেলোয়াড় অঞ্জন বিস্তা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে আক্রমণের ধার বাড়ায় আরামবাগ। একের পর এক আক্রমণ চালালেও ফিনিশিংয়ের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না দলটি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আক্রমণভাগের খেলোয়াড় সামিন ইয়াসার গোল করে স্বস্তি ফেরায় আরামবাগ শিবিরে।
এর ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে নিশ্চিত পরাজয় এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ ক্রীড়া সংঘ। অন্যদিকে ১-১ গোলে ড্র করে পূর্ণ তিন পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বসুন্ধরা কিংসকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









