নাটোরের লালপুরের ডোবার পানিতে ডুবে আবু বক্কার সিদ্দিক (৬) ও সোহাগী খাতুন (১০) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা ঈশ্বরপাড়া গ্রামের মো. আতিকুল ইসলামের সন্তান। আবু বক্কার দাঁইড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এবং সোহাগী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের আরজ আলীর ডোবার কাছে খেলাধুলা করছিলেন দুই ভাই-বোন। খেলাধুলা করার সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে দুই ভাই-বোন ডোবার পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ দুই ভাই-বোনকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে আরজ আলীর ডোবায় ভাসমান অবস্থায় আবু বক্কার ও সোহাগীকে দেখতে পায়। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









