পাবনা সদর উপজেলার হিমাইতপুরে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
উদ্বোধনকৃত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে অনুকূল সায়রের পাড়ে নবনির্মিত ব্রিজ, ষষ্ঠ ঘাট, সায়রের পাশের পাকা রাস্তা এবং পিতৃ-মাতৃ স্মৃতিমন্দির প্রাঙ্গণের ঢালাই কাজ। নতুন এসব অবকাঠামো নির্মাণের ফলে সৎসঙ্গে আগত ভক্ত-অনুরাগীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য শিমুল বিশ্বাস বলেন, ‘‘ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন মানুষের ধর্মীয় কার্যক্রম পরিচালনা, সামাজিক সম্প্রীতি এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’’ তিনি সৎসঙ্গের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সৎসঙ্গের কর্মকর্তা, ভক্ত-অনুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে সৎসঙ্গ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









