চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে জেটিতে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া মো. রবিনের (৩৬) লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার করেছে জেলা ডুবুরি দলের সদস্যরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব (উত্তর) উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়।
স্বামীর নিখোঁজের খবর পেয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লঞ্চঘাটে ছুটে আসেন রবিনের স্ত্রী নাসরিন। স্বামীর খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন।
রবিনের স্ত্রী নাসরিন জানান, তার স্বামী নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তার চাকরি চলে যায়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ ঘাটের জেটিতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন রবিন। ২৬ ঘণ্টার অভিযান শেষে লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









