বরিশাল নগরীতে নাশকতার পরিকল্পনায় বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর বটতলা এলাকার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন—ইলিয়াস মুন্সী (৪৫), খলিলুর রহমান সুমন (৪৫), সঞ্জিব কুমার দাস (৫২), সিফাত (২২), মাহাদি ইসলাম (২৬), ইয়াসিন আরাফাত (৩০), রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), নাইম (২৫), শফিকুল ইসলাম, সিয়াম ও রাজিব চন্দ্র দাস।
মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবন ঘেরাও করে ১২ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, তারা নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় বৈঠক করছিলেন। পরে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









