বরিশালের উজিরপুরে প্রকাশ্যে কোনো কর্মসূচি না থাকলেও একঘরের ভেতরে গোপনীয়তা রক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কেটেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেক কাটার পর সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে উপজেলায় তোলপাড় শুরু হয়। ইতোমধ্যে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশ নেওয়া নেতাকর্মীদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার কথা জানিয়েছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার একটি গোপন কক্ষে কেক কাটার এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া স্থিরচিত্র ও ভিডিও ফুটেজে দেখা যায়, একটি কক্ষের ভেতর টেবিলের ওপর কেক রেখে জন্মদিনের উৎসব উদযাপন করছেন স্থানীয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী।
উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন, উপজেলা যুবলীগ নেতা মো. শাওন বালী, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ অন্যান্যরা।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত একাধিক নেতাকর্মীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সবার নম্বর বন্ধ পাওয়া যায়। তাই তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উজিরপুর থানা সূত্রের তথ্যমতে, উপজেলার খোলা মাঠে বা প্রকাশ্যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হয়নি। কেউ কোনো ব্যক্তিগত কক্ষে বা ঘরের মধ্যে গোপেন অনুষ্ঠান করে ছবি তুলে ছড়িয়ে দিয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তথ্য পুলিশের কাছে ছিল না।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, উজিরপুরের কোথাও প্রকাশ্যে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন কোনো সভা-সমাবেশ বা কেক কাটার খবর পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি আমাদের নজরে এসেছে। ভিডিও ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের নাম ও পরিচয় নিশ্চিত করা হচ্ছে। ঘটনার সত্যতা ও জড়িতদের শনাক্তের পর আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









