সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি লিস্টার মেশিন ধ্বংস, একটি বালুভর্তি বাল্কহেড ডুবিয়ে দেওয়া এবং পাঁচটি মামলায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট সদর, বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন বালির হাওর, নাইন্দার হাওর, মুখতলা, উত্তর হাতিরপাড়া ও বুদ্ধিগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। অভিযানে সহযোগিতা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে পাঁচটি মামলায় মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশগত সংকটাপন্ন এলাকায় বালু উত্তোলন কোনোভাবেই বরদাশত করা হবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









